জমিতে ধান কাটার সময় নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আব্দুল খালেক (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল খালেক একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। চন্ডিগড় ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
কৃষক আব্দুল খালেক বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে ধান কাটার কাজ করছিলেন এবং দিন-ভর থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাতের ঘটনাও ঘটেছে। ইউপিসদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ধান ক্ষেতে কৃষক খালেকের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। সে সময় তারা চুল ও পিঠের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন দেখে বুঝতে পারে তিনি বজ্রপাতে মারা গেছেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে আব্দুল খালেক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।






