বাংলাদেশে জুলাই-আগস্ট গণহত্যা মামলার প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে ‘রেড নোটিশ’ জারির আবেদন করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) সূত্রে জানা গেছে, পলাতক আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক ধাপে এই আবেদনপত্র পাঠানো হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তর ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
যেসব সাবেক ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে, তারা হলেন: শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, ওবায়দুল কাদের, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আসাদুজ্জামান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আ ক ম মোজাম্মেল হক, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, হাছান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, শেখ ফজলে নূর তাপস, ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নসরুল হামিদ, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, বেনজীর আহমেদ, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
সূত্র জানায়, এই মামলার আসামিরা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের প্রত্যাবাসনের লক্ষ্যে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে।






