ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্ট বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছেন, রিটটি শুনানযোগ্য নয়।
বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন। এতে করে, নির্বাচন কমিশনের ঘোষণার পর ইশরাকের মেয়র হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হলো।
ইশরাকের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. হোসেন, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।
গত ১৪ মে ঢাকাবাসী মো. মামুনুর রশিদ হাইকোর্টে রিট করে দাবি করেন, ইশরাককে শপথ না পড়াতে এবং যিনি তাঁকে মেয়র ঘোষণা করেছেন—ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
এর আগে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। তবে ২৭ মার্চ, নির্বাচন ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে জয়ী ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়।
এ রায়ের ফলে এখন আর তাঁর শপথ গ্রহণে কোনো আইনি বাধা রইল না।






