অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে জাতীয় নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। তারেক রহমানের প্রস্তাবে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান শুরুর আগের সপ্তাহেই নির্বাচন আয়োজন সম্ভব।
শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “আজ লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।”
বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টাকে বলেন, ২০২৬ সালের রমজানের পূর্ববর্তী সময়েই নির্বাচন আয়োজন করা হলে রাজনৈতিকভাবে তা সবচেয়ে গ্রহণযোগ্য হবে। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অভিমত তুলে ধরে জানান, তিনিও মনে করেন রমজানের আগেই নির্বাচন হলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহজ হবে।
এর জবাবে প্রধান উপদেষ্টা স্মরণ করিয়ে দেন যে, তিনি ইতোমধ্যে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। তবে তিনি এও বলেন, “যদি নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও কাঠামোগত সংস্কার সম্পন্ন হয়, তবে রমজান শুরুর এক সপ্তাহ আগেও নির্বাচন আয়োজন সম্ভব।”
তিনি আরও যোগ করেন, “সেই লক্ষ্যে রাজনৈতিক সমঝোতা, প্রশাসনিক সংস্কার এবং ন্যায়বিচারের অগ্রগতিতে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে।”
বৈঠকের শেষে তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং তার দৃঢ় ও বাস্তববাদী মনোভাবের প্রশংসা করেন। অপরদিকে প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।






