চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত প্রায় পৌনে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৌঁছালে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের পর ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে এক দম্পতি তাঁদের শিশুপুত্রকে নিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হন তিনজনই। পরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মাত্র ৮ মাস বয়সী শিশু মো. হামদানকে মৃত ঘোষণা করা হয়।
শিশুটির বাবা আবদুর রাজ্জাক (২৬) ও মা লিজা আক্তার (২০) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা গেছে, আবদুর রাজ্জাক কক্সবাজারের পিএমখালী ইউনিয়নের বাসিন্দা। পারিবারিক সফরে স্ত্রী ও সন্তানসহ চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরি এলাকায় শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ফেরার পথে সাতকানিয়া স্টেশন থেকে ট্রেনে ওঠেন, আর তার কিছুক্ষণের মধ্যেই পদুয়া এলাকায় এক বগিতে আগুন ধরে যায়।
লোহাগাড়া স্টেশন মাস্টার দিদার হোসেন জানান, আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক জাহেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শিশুটির মৃত্যু হয়।






