সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। একইসঙ্গে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর সাংবাদিকদের জানান, এই ঘটনায় অতিরিক্ত আইজিকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রা প্রক্রিয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ৭ মে (বুধবার) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করেন আবদুল হামিদ। তিনি চিকিৎসার অজুহাতে সাধারণ যাত্রীর বেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। তার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
ইমিগ্রেশন বিভাগ জানায়, আবদুল হামিদের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও আদালত বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে কোনো বিদেশযাত্রা নিষেধাজ্ঞা না থাকায় তাকে বাধা দেওয়া হয়নি।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নামও রয়েছে।
এই ঘটনায় প্রশাসনের নানা স্তরে জবাবদিহিতার দাবিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কঠোর অবস্থান নেওয়ার আভাস পাওয়া গেছে।
০






