ভূমিকম্পে ক্ষতবিক্ষত মিয়ানমারে আবারও কেঁপে উঠেছে ভূমি। রোববার (১৩ এপ্রিল) সকালে দেশটির মান্দালয় অঞ্চলের চাইং-এর কাছে স্থানীয় সময় ৮টা ২৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। প্রাথমিকভাবে এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এর আগে মার্চের শেষদিকে মিয়ানমারে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ঘটনায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ, আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৭০০ জন। বহু মানুষ এখনো নিখোঁজ।
নতুন করে এই ভূমিকম্পে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে কাজ শুরু করেছে উদ্ধারকারী দলগুলো।






