বাংলা নববর্ষের প্রথম দিনেই সয়াবিন তেল সিন্ডিকেটের দ্বারা বড় এক ধাক্কা খেল সাধারণ জনগণ। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১৪ টাকা বাড়িয়ে ১৮৯ টাকায় নির্ধারণ করেছে ভোজ্যতেল মিল মালিকদের সংগঠন। এর আগে এ দাম ছিল ১৭৫ টাকা। রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণায় আরও বলা হয়েছে, পাঁচ লিটারের বোতল এখন বিক্রি হবে ৯২২ টাকায়, যা পূর্বে ছিল ৮৫২ টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়ানো হয়েছে ১২ টাকা করে, নতুন দাম যথাক্রমে ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।
জানা গেছে, গত ২৭ মার্চ মিল মালিকেরা বোতলজাত তেলে ১৮ টাকা ও খোলা তেলে ১৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। তেল আমদানির ওপর কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার একদিন পর, ১ এপ্রিল থেকেই নতুন দাম কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ৯ ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। তখন সেটি নির্ধারিত হয় ১৭৫ টাকায়।
এভাবে পণ্য সরবরাহের নামে একচেটিয়া নিয়ন্ত্রণ করে বারবার দাম বাড়ানো নিয়ে সাধারণ মানুষ ও ভোক্তা অধিকার সংগঠনগুলোর মধ্যে অসন্তোষ বাড়ছে।






