প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিসবাহ উর রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ের আওতায় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলার বাদী মো. রাজিব অভিযোগ করেন, ইভ্যালির মাধ্যমে ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাত করে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
আদালত রায়ে বলেন, আসামিরা সাধারণ মানুষের বিশ্বাসের অপব্যবহার করেছেন, যা একটি গুরুতর অপরাধ। মামলার রায়ে কিছুটা হলেও ভুক্তভোগীরা ন্যায়বিচার পেলেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হৃদয়।






