মানিকগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জের গড়পাড়া ঘোষের বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় শিল্পীর বাড়িতে।
ধারণা করা হচ্ছে, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি মোটিফে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি অন্তর্ভুক্ত ছিল—এমন অভিযোগের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে শিল্পী মানবেন্দ্র ঘোষ এ দাবি নাকচ করে বলেন, “আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি, শেখ হাসিনার কোনো মুখাকৃতি বানাইনি।”
তিনি আরও জানান, “আমিসহ আমার পরিবারের নিরাপত্তা নিয়ে এখন শঙ্কিত। এ অবস্থায় আমি সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একই এলাকার বাসিন্দা।






