“রাষ্ট্র যদি গুণগত ও মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি পুরনো কাঠামোই বজায় থাকে—তাহলে আমাদের জুলাই বিপ্লব সফল হবে না,” এমন মন্তব্য করেছেন নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের নেভি গলিতে আয়োজিত ‘এনসিপি বৈশাখ উদযাপন ১৪৩২’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “নববর্ষ মানেই হচ্ছে পুরনো হিসাব-নিকাশ চুকিয়ে নতুন করে শুরু করা। যেমন হালখাতা হয়, ঠিক তেমনি আমরাও চাই রাষ্ট্রের একটি নবায়ন হোক। জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই নবায়নের সূচনা করেছে। এটি আমাদের মধ্যে একটি নতুন রাষ্ট্র এবং নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এই আকাঙ্ক্ষাকে সব ফ্যাসিবাদবিরোধী শক্তি সমানভাবে ধারণ করছে না। জুলাই বিপ্লবের সময় আমরা বলেছিলাম—এটি কেবল ব্যক্তির বা দলের পরিবর্তনের জন্য নয়; বরং রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার, জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের আন্দোলন।”
নাহিদ ইসলাম মনে করেন, সংস্কারের ধারাবাহিকতা দ্রুত কার্যকর করা জরুরি। “আমরা বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে এগোচ্ছি। ইতোমধ্যে সরকারের কাছে আমরা বিচার ও সংস্কারের একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি। এই রোডম্যাপের ভিত্তিতেই আমরা গণপরিষদ এবং একটি কার্যকর আইনসভা গঠনের দিকে যেতে চাই,” বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “রাষ্ট্রের যেসব খাতে সংস্কার প্রয়োজন, সেগুলো দ্রুততার সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। যাতে ভবিষ্যতের সরকারও এসব সংস্কার এগিয়ে নিতে পারে। আমরা আশা করি, এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গণতন্ত্র আরও গভীর হবে।”
বাংলা সন প্রসঙ্গে তিনি বলেন, “প্রান্তিক কৃষকরা এখনও কৃষিকাজের পরিকল্পনা করেন বাংলা মাস অনুযায়ী। কিন্তু রাষ্ট্রীয়ভাবে বাংলা সনের গুরুত্ব আজও যথাযথভাবে স্বীকৃতি পায় না। আমরা চাই, বাংলা সনের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়িত্ব আরও বাড়ুক।”






