জাতিসংঘ আয়োজিত তৃতীয় ওশেন কনফারেন্সে অংশ নিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে শেষ পর্যন্ত তিনি ফ্রান্স সফরে যাচ্ছেন না।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আমন্ত্রণ পাওয়ার পর ঢাকা পক্ষ থেকে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের অনুরোধ জানানো হয়। কিন্তু প্যারিস জানায়, কনফারেন্সে অংশ নিতে ইচ্ছুক অনেক দেশের পক্ষ থেকেই এমন অনুরোধ এসেছে এবং সবার জন্য সময় নির্ধারণ সম্ভব নয়। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়, কনফারেন্সে অংশগ্রহণের সিদ্ধান্ত যেন দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর না করে।
মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, দ্বিপক্ষীয় বৈঠকের প্রেক্ষাপট তৈরির সময় ২০২৩ সালে ফ্রান্সের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী স্যাটেলাইট এবং এয়ারবাস উড়োজাহাজ কেনার বিষয়টি সামনে আসে। ফরাসি পক্ষ ইঙ্গিত দেয়, যদি এসব ইস্যু আলোচনায় থাকে, তাহলে তারা বৈঠকে আগ্রহী হতে পারে। জলবায়ু সহায়তার প্রতিশ্রুত অর্থ নিয়েও আলোচনা সম্ভাব্য বিষয় হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ঋণ হিসেবে ফ্রান্স থেকেই আসবে।
প্রধান উপদেষ্টা ফ্রান্স সফর বাতিল করছেন কেন—এ প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ জানায়, বাংলাদেশ কনফারেন্সে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ঠিকই, তবে কে প্রতিনিধিত্ব করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, ইউনূসের সফর বাতিলের বিষয়ে প্যারিসকে জানিয়ে বলা হয়েছে—দেশে জরুরি কিছু দায়িত্ব পালনের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে ইউনূসের কনফারেন্সে যোগ দিতে না পারার বিষয়টিতে দুঃখ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, তৃতীয় ওশেন কনফারেন্স আগামী ৯ জুন ফ্রান্সের নিস শহরে শুরু হবে। সম্মেলনের আগের দিন, ৮ জুন, অংশগ্রহণকারীদের জন্য একটি নৈশভোজের আয়োজন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।






