যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বহুল আলোচিত খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি অবশেষে সই হয়েছে। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদে প্রবেশাধিকার পাবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে আর্থিক সহায়তা প্রদান করবে। বুধবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে এই সমঝোতায় পৌঁছায় দুই দেশ।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রকাশ্য বিতর্কের পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। নতুন এই চুক্তিকে সেই সংকট কাটিয়ে সম্পর্কোন্নয়নের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই চুক্তির মাধ্যমে রাশিয়াকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে—যুক্তরাষ্ট্র ইউক্রেনের স্বাধীনতা ও সমৃদ্ধির পক্ষে। তিনি বলেন, এই কৌশলগত অংশীদারত্ব প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবনা থেকে উদ্ভূত এবং এটি দুই জাতির শান্তি ও অগ্রগতির প্রতীক।
ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই চুক্তির আওতায় গঠিত পুনর্গঠন বিনিয়োগ তহবিলে যুক্তরাষ্ট্র সরাসরি এবং সামরিক সহায়তার মাধ্যমে অর্থায়ন করবে। ইউক্রেনও তার খনিজ আয়ের ৫০ শতাংশ ওই তহবিলে দেবে। প্রথম ১০ বছর তহবিলের সব অর্থ ইউক্রেনে বিনিয়োগ হবে, পরে মুনাফা দুই দেশের মধ্যে ভাগাভাগি হবে।
তহবিল ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেন সমানভাবে সিদ্ধান্ত নেবে। সামরিক সহায়তাও এই চুক্তির আওতাভুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া স্ভিরিদেঙ্কো বলেছেন, এই চুক্তির মাধ্যমে দেশটি কেবল বিনিয়োগই নয়, বরং এক গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্রও পেয়েছে।
চুক্তির আগে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহাল বলেন, এই উদ্যোগ ইউক্রেনের ভূসম্পদ ও অবকাঠামোর ওপর দেশের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক নয়।
তবে চুক্তিতে ইউক্রেনের প্রত্যাশিত নিরাপত্তা নিশ্চয়তা কতটা আছে, সে বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানানো হয়নি। ট্রাম্প প্রশাসনের মতে, ইউক্রেনে মার্কিন অর্থনৈতিক উপস্থিতি বাড়লে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ সহজ হবে।
ইউক্রেন দাবি করছে, তাদের ভূগর্ভে বিশ্বের প্রায় পাঁচ শতাংশ গুরুত্বপূর্ণ খনিজ মজুত রয়েছে। এসব খনিজ বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রনিক যন্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। দেশটি ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত ৩৪টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে ২২টির ভাণ্ডার ধারণ করে।
চুক্তিটি কার্যকর হতে ইউক্রেনের সংসদের অনুমোদন প্রয়োজন।
সূত্র: আল-জাজিরা






