নিবন্ধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনও সম্পূর্ণ না হওয়ায় নির্বাচন কমিশনে অতিরিক্ত দুই মাস সময় বৃদ্ধির আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জুলাইয়ের গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের অংশগ্রহণে গঠিত এনসিপি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এর পরপরই নির্বাচন কমিশন (ইসি) নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আগ্রহীদের আবেদন আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই অনুযায়ী, আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয় ২০ এপ্রিল।
তবে ইসির এই গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ১৮ মার্চ হাইকোর্ট প্রাথমিক শুনানি শেষে রুল জারি করে এবং গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে। তবে এই স্থগিতাদেশ শুধুমাত্র রাষ্ট্র সংস্কার আন্দোলনের ক্ষেত্রে প্রযোজ্য বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী আবেদা গুলরুখ।
এনসিপির অন্তত তিনজন কেন্দ্রীয় নেতা বাংলাদেশ রিপোর্টকে জানিয়েছেন, তারা নিবন্ধনের শর্ত পূরণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে দলটির গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যালয় স্থাপন এবং সাংগঠনিক কমিটি গঠনের কাজ চলছে।
দলটির বিভিন্ন পর্যায়ের সাংগঠনিক কাঠামো গঠনের জন্য বিভাগীয় সমন্বয়ক টিম গঠনের প্রস্তুতিও চলছে। উপজেলা পর্যায়ের কমিটি গঠনের কাজ প্রায় সম্পন্ন হলেও জেলা পর্যায়ের কাঠামো এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে।
এপ্রিলে দলটির যুব সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সূত্র। এছাড়া নারী শাখা, পেশাজীবী উইং এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা ফোরাম গঠনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।






