নির্বাচন কমিশনকে (ইসি) প্রথমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে তাদের সামর্থ্য প্রমাণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, “স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধি না থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই আগে স্থানীয় নির্বাচন দিন, যাতে জনগণ আপনাদের সদিচ্ছা ও দক্ষতা মূল্যায়ন করতে পারে। তবে কোনো বিশেষ দলকে সুবিধা দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।”
জামায়াত আমির আরও বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের দাবি উঠেছে, সেখানে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করা উচিত।
এ সময় তিনি নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশকে কোরআন ও সুন্নাহবিরোধী দাবি করে তা বাতিলের আহ্বান জানান। তার মতে, এসব সুপারিশ দেশের সাড়ে ৯ কোটি নারীর প্রতিনিধিত্ব করে না এবং সমাজকে ভিন্ন দিকে নিতে চায়, যা গ্রহণযোগ্য নয়।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির ইমরুল কায়েসের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী এবং জেলার আমির আব্দুল করিমসহ অন্যান্য নেতারা।
দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহে আয়োজিত এই কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।






