ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি যেন বারবারই থাকেন সংবাদের শিরোনামে—কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো ব্যক্তিগত ঘটনার জেরে। এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ ঘটনায় থানায় তার নামে জিডিও হয়েছে।
গৃহকর্মী পিংকি আক্তার অভিযোগ করেছেন, পরীমণির একমাত্র কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। গণমাধ্যমে এই নিয়ে মুখ খোলেন পিংকি, যেখানে সংগীতশিল্পী শেখ সাদীর প্রসঙ্গও উঠে আসে—যার সঙ্গে দীর্ঘদিন ধরে পরীমণির প্রেমের গুঞ্জন রয়েছে শোবিজে।
এই প্রেক্ষাপটে সম্প্রতি পরীমণির দুটি ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার ঝড় তোলে। প্রথমটিতে তিনি লিখেন—”তোমার মা-মা, আর বাকি সব…” আর দ্বিতীয় পোস্টে কেবল একটি শব্দ—”ব্ল্যাকমেইলার”। কার উদ্দেশে এমন বার্তা, তা স্পষ্ট করেননি নায়িকা। তবে নেটিজেনদের ধারণা, এটি হয়তো কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা সম্পর্কের টানাপড়েন ঘিরে দেয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকে বলছেন, পরীমণি হয়তো কাউকে উদ্দেশ্য করেই এমন স্ট্যাটাস দিয়েছেন। কেউ কেউ আবার ধরে নিচ্ছেন, এটি হয়তো কোনো নতুন সিনেমা বা ওয়েব সিরিজের প্রচারণার অংশ।
তবে ভক্তদের একটাই প্রশ্ন—আবার কী হলো পরীর জীবনে? সম্পর্ক, ক্যারিয়ার আর বিতর্কের মাঝপথে দাঁড়িয়ে পরীমণি এখন যেন এক রহস্যময় চরিত্র। সময়ই হয়তো দেবে সব উত্তর।






