ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র।
জানা গেছে, নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে এখনও তাকে থানার হেফাজতে নেয়নি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) এএইচএম শফিকুর রহমান বলেন, “ফারিয়াকে গ্রেফতার দেখানো হলেও এখনো ভাটারা থানা তাকে বুঝে পায়নি।”
উল্লেখ্য, রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নুসরাত ফারিয়াকে সবশেষ দেখা গেছে ‘জ্বিন ৩’ সিনেমায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। সিনেমাটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান এবং এটি মুক্তি পায় সদ্যসমাপ্ত ঈদে।
ফারিয়ার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এই গ্রেফতার কেবল আইনগত নয়, বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের জটিল হিসাব-নিকাশ।






