আওয়ামী লীগ নিয়ে আপসের রাজনীতি যারা করছেন, তাদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আপনারা কম্প্রোমাইজের রাজনীতি করুন, আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি সেটা শুরু করলে কেউ নিতে পারবেন না।’
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘‘যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান ও আপসের রাজনীতির বিরোধিতা ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তাই বলছি, শিগগির সিদ্ধান্তে আসুন।”
কারা আপস করছেন জানতে চাইলে— তিনি সুনির্দিষ্ট নাম না বললেও জানান, ‘‘অনেকে করছেন। সময় মতো তাদের নাম প্রকাশ করব। জুলাই গণ–অভ্যুত্থানের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না।’’
এই বক্তব্যের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাজধানীর বাড্ডা এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে আওয়ামী লীগপন্থী একটি মিছিল দেখা যায়। এরপরই আসে হাসনাতের স্পষ্ট হুঁশিয়ারি।






