বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির এক ভিডিও ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিদেশ সফরের সময় একটি রেস্তোরাঁয় এক বিদেশিনীর সঙ্গে তার কথাকাটাকাটির দৃশ্য ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, শিল্পা উঁচু গলায় কথা বলছিলেন, তখন পাশে থাকা এক বিদেশিনী তাকে ধীর স্বরে কথা বলতে বললে শুরু হয় বচসা।
ঘটনার সূত্র ধরে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা গণমাধ্যমে মুখ খোলেন এবং পুরো পরিস্থিতির ব্যাখ্যা দেন। তিনি জানান, “আমি এক বছর আগে আমার স্ত্রীর ৫০তম জন্মদিন উদযাপনের জন্য রেস্তোরাঁয় একটি টেবিল বুক করেছিলাম। কিন্তু সেখানে পৌঁছানোর পর জানানো হয় যে সেই টেবিল অন্য একজনের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি ছিল এক ধরনের ‘ডাবল বুকিং ত্রুটি’।”
রাজ আরও জানান, তাদের সঙ্গে তখন ২০ জনেরও বেশি অতিথি ছিলেন, যাদের মধ্যে ছিলেন শিল্পার বৃদ্ধ বাবা-মা ও শাশুড়ি। অথচ রেস্তোরাঁ কর্তৃপক্ষ পুরো পরিবারকে ফিরিয়ে দিতে চেয়েছিল।
এই ঘটনায় রাজ ক্ষুব্ধ হয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে উচ্চ স্বরে কথা বললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই বিদেশিনী তাদের চুপ করতে বলেন, যা শিল্পা ও তার পরিবারের সদস্যদের অসন্তুষ্ট করে।
রাজ বলেন, “আমি নিজেও একটি রেস্তোরাঁ চালাই, তাই জানি এমন পরিস্থিতি কতটা হতাশাজনক। আমি শুধু আমার পরিবারের জন্য একটি ভালো সন্ধ্যা উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু সবকিছুই বাজে অভিজ্ঞতায় রূপ নেয়।”
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, রাজ কুন্দ্রা উত্তেজনায় বলে ওঠেন, “তুমি জানো না আমরা কে!”—যা নিয়েও সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা চলছে।
এ ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে রাজ স্পষ্ট করতে চান যে তাদের কোনো অসভ্য আচরণ করার ইচ্ছা ছিল না, বরং রেস্তোরাঁর অব্যবস্থাপনাই পুরো ঘটনার জন্ম দেয়।
এদিকে ভিডিওটি নিয়ে নেটদুনিয়ায় চলছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ শিল্পার পাশে দাঁড়াচ্ছেন, কেউ আবার তার আচরণকে সমালোচনার চোখে দেখছেন।






