দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা ও জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার গোপন প্রেম নিয়ে গুঞ্জন বহুদিনের। তবে এবার এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজয়। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে তাকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, “এই মুহূর্তে জীবনসঙ্গী খুঁজছি না।”
বিয়ের পরিকল্পনা বা পছন্দের স্ত্রী কেমন হতে পারে—এমন প্রশ্নে বিজয় বলেন, “এখন এসব নিয়ে ভাবছি না, তাই কোনো ধরন বা রকম সম্পর্কে কিছু বলতেও পারছি না।” তবে রাশমিকাকে জীবনসঙ্গীর মানদণ্ডে ফেলা যায় কি না—জানতে চাইলে বিজয়ের কৌশলী উত্তর, “ভাল হৃদয়ের যেকোনো নারীকেই সঙ্গী করা যায়।”
অভিনয় প্রসঙ্গে বিজয় বলেন, “রাশমিকার সঙ্গে বেশি কাজ হয়নি। তবে ভবিষ্যতে আরও কাজ করার ইচ্ছা আছে। সে অত্যন্ত মেধাবী ও মিষ্টি একটি মেয়ে, প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। তার মতো একজন সহকর্মীর সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের।”
এদিকে শোনা যাচ্ছে, বিজয়-রাশমিকা আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তেলেগু ইন্ডাস্ট্রির আলোচিত প্রকল্প ‘ভিডি১৪’-তে। যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বর্তমানে বিজয় ব্যস্ত গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই থ্রিলার সিরিজ ‘কিংডম’ নিয়ে। দুই পর্বের এই ছবির প্রথম কিস্তি মুক্তি পাবে আগামী ৪ জুলাই। এতে বিজয়ের বিপরীতে থাকছেন অভিনেত্রী ভগ্যশ্রী বোর্সে। ইতোমধ্যে সিনেমার প্রথম গান ‘হৃদয়ম লোপালা’ প্রকাশ পেয়েছে।






