ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে নিজেদের হাতে আটক এক ইসরায়েলি সেনার আকুতি শোনা গেছে। ভিডিওতে তিনি নিজেকে এডান অ্যালেক্সান্ডার হিসেবে পরিচয় দেন—একজন মার্কিন-ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্য। তিনি জানান, গাজায় তাকে ৫৫১ দিন ধরে বন্দি করে রাখা হয়েছে।
তারিখবিহীন ভিডিওটি শনিবার (১২ এপ্রিল) প্রকাশ করা হয়, যা পাসওভার উৎসবের প্রাক্কালে এসেছে। ভিডিওতে অ্যালেক্সান্ডার জানতে চান, এতদিনেও কেন তার মুক্তির ব্যবস্থা করা হয়নি। সংশ্লিষ্টদের প্রতি তিনি আবেদন জানান, তাকে যেন অবিলম্বে মুক্ত করা হয়।
পরিবার তার পরিচয় নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজায় অ্যালেক্সান্ডারসহ এখনো ৫৮ জন জিম্মি আটকে আছেন, এ অবস্থায় মুক্তির কোনো উৎসব পালন সম্ভব নয়। উল্লেখ্য, ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব মূলত মুক্তি ও স্বাধীনতার প্রতীক।
যুদ্ধ শুরুর পর হামাস একাধিকবার এমন ভিডিও প্রকাশ করেছে, যেখানে জিম্মিদের আহ্বান তুলে ধরা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসবকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করে, যা সরকারকে চাপে ফেলার কৌশল বলে মনে করে।
চলমান যুদ্ধ ইতোমধ্যে ১৮তম মাসে গড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির সময়ে হামাস ৩৮ জন জিম্মিকে মুক্তি দিলেও মার্চের পর তারা আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়নি। এরপর থেকেই গাজায় আবারও স্থল ও বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।
ইসরায়েল বলছে, গাজাকে পুরোপুরি অসামরিকীকরণ এবং সব জিম্মির মুক্তি ছাড়া অভিযান থামবে না। অন্যদিকে হামাসের অবস্থান, স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি না হলে জিম্মিদের ছেড়ে দেওয়া সম্ভব নয়, এবং তারা এখনই অস্ত্র ত্যাগ করবে না।
এই সংকট নিরসনে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা অব্যাহত রয়েছে।






