সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার ভোররাত ৩টা ৪৫ মিনিটের দিকে চিনাকান্দি বিওপি সংলগ্ন ১২১০/১০-এস সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সামছু মিয়া রাজাপাড়া গ্রামের বাসিন্দা সত্তার মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সামছু মিয়াসহ আরও চারজন চোরাচালানীর সঙ্গে ভারতের ভেতরে প্রায় ১৫০ গজ প্রবেশ করেছিলেন। এ সময় ভারতীয় অংশে কারফিউ চলমান থাকায় বিএসএফ সদস্যরা তাদের বাধা দেয়। এতে সংঘর্ষের সৃষ্টি হলে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল গুলি চালায়। এতে সামছু মিয়ার বাম কাঁধে গুলি লাগে।
আহত অবস্থায় তারা বাংলাদেশে ফিরে এলে সামছু মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির ঢাকা পোস্টকে জানান, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






