পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ উপলক্ষে ২৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে ২৬ এপ্রিল শনিবার পর্যন্ত দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
২৩ এপ্রিল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ক্যাথলিক চার্চের প্রধান ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের প্রয়াণে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে পোপের বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।






