গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের উদ্দেশে। তিনি বলেন, “লুটেরা, মাফিয়াদের রক্ষা করলে নিজেরাও রক্ষা পাবেন না। আমরা যদি আবার রাস্তায় নামি, অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে।”
নূর বলেন, যারা আজ ক্ষমতার অংশ হয়ে উঠেছেন, তারা আন্দোলনের রক্ত-ঘাম দেননি, নির্যাতিত হননি, কিংবা পরিবারের কাউকে হারাননি। অথচ আজ তারা সেইসব বিতর্কিত ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের রক্ষা করছেন, যাদের বিরুদ্ধে গণমাধ্যমে বারবার অভিযোগ এসেছে।
তিনি বলেন, ১/১১ তে যেমন রাজনৈতিক নেতা ছাড়াও কিছু শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছিলেন, এখনো তেমনি বাস্তবতা থাকা সত্ত্বেও ৫ আগস্টের পর কেউই ধরা পড়েননি। বরং অনেককে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করা হয়েছে, এমনকি তাদের অবৈধ সম্পদ সরানোর সুযোগও করে দেওয়া হয়েছে।
নূর অভিযোগ করেন, এস আলম গ্রুপের ব্যাংকগুলো থেকে কিছু অপসারণ হলেও বসুন্ধরা ও ওরিয়ন গ্রুপের মতো ‘লুটেরাদের’ বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি। তমা কনস্ট্রাকশন, এনডিই, এবং এশিয়াটিক গ্রুপের মতো একচেটিয়া সুবিধাভোগীরা এখনো বহাল তবিয়তে রয়েছে।
পোস্টের শেষ অংশে নূর উপদেষ্টাদের সরাসরি সতর্ক করে বলেন, “২৪-এর বাংলায় ফ্যাসিস্ট লুটেরা, মাফিয়াদের কোনো ঠাঁই নেই। সময় থাকতে ব্যবস্থা নিন, নয়তো জনরোষের মুখোমুখি হতে হবে।”






