ঈদের টানা ৯ দিনের ছুটির আমেজ কাটতে না কাটতেই আবারও সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মে মাসে দু’দফায় তিন দিন করে ছুটি ভোগ করতে পারবেন তারা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপরের দুদিন শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে ১ থেকে ৩ মে পর্যন্ত টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সূত্র ইউএনবি
এছাড়া মে মাসেই দ্বিতীয়বারের মতো তিন দিনের ছুটি আসছে। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। তার আগে ৯ ও ১০ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকছে। ফলে ৯ থেকে ১১ মে পর্যন্ত আবারও তিন দিনের ছুটি ভোগের সুযোগ মিলছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের লম্বা ছুটি কাটান। সরকার আগেই ৫ দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে ৩ এপ্রিল অতিরিক্ত এক দিনের ছুটি যুক্ত হয়। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছুটি ভোগ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝখানে নৈমিত্তিক ছুটি নেওয়া নিষিদ্ধ থাকলেও অর্জিত ছুটি বা ঐচ্ছিক ছুটি ব্যবহারের সুযোগ আছে। তবে ঐচ্ছিক ছুটি ভোগ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি আবশ্যক।
তবে যেসব অফিস নিজস্ব আইন অনুযায়ী চলে, যেমন বাংলাদেশ ব্যাংক কিংবা জরুরি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানসমূহ, তারা জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়মে ছুটি ঘোষণা করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।






