ইসরায়েলে ভয়াবহ দাবানলে পুড়ছে একাধিক শহর। তীব্র তাপমাত্রা ও প্রচণ্ড বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, ফলে অনেক এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক ও ট্রেন চলাচল।
বুধবার (২৩ এপ্রিল) রাতের এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ছড়িয়ে পড়ে মোশাভ তারুম এলাকাজুড়ে ভয়াবহ রূপ নেয়।
জেরুজালেম থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের দাবানলের ধোঁয়ায় শহরের আকাশ ঢাকা পড়ে গেছে, বাতাসের মানও নেমে গেছে। আগুন নিয়ন্ত্রণে ১১০টি ফায়ার ইউনিট, আটটি বিমান ও একটি হেলিকপ্টার কাজ করছে। ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও এই কাজে সহায়তা করছেন।
এখন পর্যন্ত অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী। পুলিশ সতর্কতা জারি করেছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজনকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
রেহোভোটসহ কিছু এলাকায় মহাসড়কে গাড়ি ফেলে রেখে অনেকেই পায়ে হেঁটে এলাকা ত্যাগ করছেন—এমন দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, শুষ্ক গ্রীষ্ম ও তাপপ্রবাহের কারণে ইসরায়েলে এর আগেও বহুবার দাবানল হয়েছে। বড় ধরনের দাবানল ঘটেছে ১৯৮৯, ২০১০, ২০১৫, ২০১৯, ২০২১ ও ২০২৩ সালেও।






