রুতুরাজ গায়কোয়াড়ের চোটের কারণে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ফেরেন মহেন্দ্র সিং ধোনি। তবে অধিনায়কত্বের প্রত্যাবর্তনেও দলের ভাগ্য বদলাতে পারেননি তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে চেন্নাই। মাত্র ১০.১ ওভারে (৫৯ বল হাতে রেখে) জয় নিশ্চিত করে কলকাতা, যা বলের হিসেবে চেন্নাইয়ের সবচেয়ে বড় হার।
এই পরাজয়ের ফলে আইপিএলে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে হারলো চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের রেকর্ডও গড়েছে দলটি। অপরদিকে, কলকাতা নাইট রাইডার্স ছয় ম্যাচে তিন জয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে।
মাত্র ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের ১৬ বলে ২৩ রান এবং সুনিল নারিনের ১৮ বলে ৪৪ রানের ইনিংসে সহজ জয় নিশ্চিত করে কলকাতা। আজিঙ্কা রাহানে ১৭ বলে ২০ এবং রিঙ্কু সিং ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস ৯ উইকেটে ১০৩ রানে থামে। রাহুল ত্রিপাঠি ২২ বলে ১৬ এবং বিজয় শঙ্কর ২১ বলে ২৯ রান করেন। তবে রবিচন্দ্রন অশ্বিন (১), রবীন্দ্র জাদেজা (০) এবং মহেন্দ্র সিং ধোনি (১) দ্রুত আউট হন। শিভাম দুবে ২৯ বলে ৩১ রানে অপরাজিত থেকে দলের স্কোর কিছুটা বাড়ান।
কলকাতার বোলারদের মধ্যে সুনিল নারিন ৩টি, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা ২টি করে উইকেট নেন।






