পর্নোগ্রাফি মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া বেহেস্তী রহমান ঈদের মা জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক। তার মা দ্বিতীয় বিয়ে করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলীর সঙ্গে। তারা জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লায় থাকতেন। বেহেস্তীর বাবার নাম আনিছুর রহমান।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সঙ্গে বেহেস্তী রহমান ঈদের প্রায় সাত মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। সে সময় তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা হয়। একই সময়ে বেহেস্তী রহমান ঈদ আরেক তরুণীর সঙ্গেও প্রেম করতেন। বিষয়টি জানার পর উভয়ের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গত ৫ জানুয়ারি ওই যুবতীর বিয়ে হয়। এরপর বেহেস্তী রহমান ঈদ তাকে ফোন করে গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এর ধারাবাহিকতায় কিছুদিন আগে ওই মেয়েকে ফোন করে নিয়মিত যোগাযোগ রাখতে বলেন এবং স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করার জন্য চাপ দেন। এতে মেয়েটি অসম্মতি জানালে গত ৯ এপ্রিল রাতে ওই মেয়ের ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ বেহেস্তী রহমান ঈদকে গ্রেপ্তার করে।






