গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আড়ালে পরিকল্পিত নাশকতার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার মধ্য রাতে গাছা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপকমিশনার (গাছা অঞ্চল) হাফিজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “বিক্ষোভের সুযোগকে কাজে লাগিয়ে একটি সংগঠিত গোষ্ঠী দেশকে অস্থিতিশীল ও আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই হামলা চালায়।
গ্রেপ্তার চারজন হলেন—নোয়াখালী জেলার সিয়াম খান অনিক (১৮), ময়মনসিংহের শিমুল আহম্মেদ শাওন (২০), শরীয়তপুরের শাহীন (১৯) এবং গাজীপুর গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার জয়নাল আবেদীন।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার অংশে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলের আড়ালে সংঘবদ্ধভাবে দুষ্কৃতিকারীরা তৃপ্তি হোটেল ও বাটা কোম্পানির ডিলারসহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালায়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।
এরপর গাছা থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান চালিয়ে বোর্ডবাজার ও আশপাশের এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সহকারী কমিশনার হাফিজুল ইসলাম আরও বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।






