গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “দশ মাসের মধ্যেই সরকার দেশের সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। আমরা শুরুতেই বলেছিলাম—জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দুই বছরের একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। কিন্তু এখন কিছু বলার নেই। এখন বলছি, এতটুকু থাক। অবিলম্বে নির্বাচন দিন।”
বুধবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
নুর বলেন, “নির্বাচনের মাধ্যমে যে-ই সরকার আসুক না কেন—তা বিএনপি হোক, জামায়াত, গণঅধিকার বা ইসলামী আন্দোলন—যদি তারা স্বৈরাচার করে, জনগণের ওপর জুলুম চালায়, তাহলে তাদের বিরুদ্ধেও আন্দোলন হবে। তবে অন্তত নির্বাচিত একটি সরকার থাকা জরুরি। কারণ, নির্বাচিত সরকার ছাড়া দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসে না। ব্যবসা-বাণিজ্য এগোয় না, বিনিয়োগ আসে না।”
তিনি আরও বলেন, “ছাত্র রাজনীতি মানে কেবল মিছিল-মিটিং বা কিছু ছাত্র মিলে আড্ডা দেওয়া নয়। ছাত্র অধিকার পরিষদের রাজনীতি হবে সৃজনশীল, সংগঠিত ও জনমুখী। শিক্ষার্থীদের অধিকার আদায়ে, শিক্ষার পরিবেশ ঠিক রাখতে হবে। এই দেশের তরুণরাই এক ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। এবার আগামীর বাংলাদেশ গড়তেও নেতৃত্ব দিতে হবে ছাত্রদেরই।”
ভিপি নুর সাম্প্রতিক একটি মন্তব্য উদ্ধৃত করে বলেন, “যদি আবারও কোনো ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাহলে অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে। তবে আমরা আর সংঘাত, রক্তপাত বা প্রাণহানি চাই না। চাই শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তওহিদ ইমরান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন হোসেন, সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদ প্রমুখ।






