চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এই সহিংসতা চলে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
জানা গেছে, প্রথমে করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেনের বাড়িতে হামলা চালানো হয়। এতে তার মা রাশেদা আক্তার (৬০) এবং মামা আইনুল কবির (৪৮) আহত হন। এ সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
পরবর্তীতে একই ইউনিয়নের পশ্চিম জোয়ার ও ছত্তরুয়া গ্রামে আরও কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সহ-সভাপতি এমরান হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন।
শাখাওয়াত উল্লাহ রিপনের ভাড়াটিয়া নাঈমার বাসাতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং সেখান থেকেও নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এনায়েত হোসেন নয়ন বলেন, “৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী গ্রামছাড়া। বাড়িতে শুধু পরিবারের সদস্যরা থাকেন। এ সুযোগে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এসব হামলা চালিয়েছে।”
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।






