ভালুকায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
নিহত যুবকের নাম সজল (২৩)। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার বাসিন্দা এবং মৃত সমর আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ মে) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের পাশে অবস্থিত রফিক কুমারের বিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি ভালুকা মডেল থানায় জানালে, পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সজল পেশাগতভাবে ওই বিল এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান গণমাধ্যমকে জানান, “আমরা ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।”
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার সবদিক গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। একইসঙ্গে এলাকাবাসীকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গুজব না ছড়াতে অনুরোধ জানানো হয়েছে।
০






