রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসান অবশেষে মুখ খুললেন। দেশে না ফিরতে পারার কারণ, জাতীয় দলের ভবিষ্যৎ এবং নিজের ইচ্ছা নিয়ে খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের সর্বকালের সেরা এই অলরাউন্ডার।
এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি এখনো বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন দেখি। দেশের হয়ে খেলে অবসর নিতে চাই। এটা আমার সবচেয়ে বড় ইচ্ছা।”
সাকিব জানান, তিনি বিসিবি সভাপতি, ক্রীড়া উপদেষ্টা এবং সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে না পারার কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
সাক্ষাৎকারে সাকিব বলেন, “আমি সংসদ সদস্য ছিলাম, এখন আর নই। কোনো রাজনৈতিক পদেও নেই। আমি ১৮–২০ বছর ধরে যা করে এসেছি, সেটাই করতে চাই। যদি সুযোগ পাই, এক সিরিজ বা আরও কিছুদিন খেলতে চাই।”
গত বছর সেপ্টেম্বরের কানপুর টেস্টে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন তিনি। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন এবং ঘোষণা দেন টেস্টও আর খেলবেন না। তবে ওয়ানডেতে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
সাকিব আরও বলেন, “গত ১৮ বছরের ক্যারিয়ার না দেখে যদি শেষ ৬ মাসের ভিত্তিতে আমাকে বিচার করেন, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি বিশ্বাস করি, আরও এক-দুই বছর ভালোভাবে খেলতে পারি।”






