দেশের রক সংগীতের প্রতীক মাহফুজ আনাম জেমস। ঝাকড়া চুল আর ব্যতিক্রমী কণ্ঠের কারণে ‘গুরু’ নামে খ্যাত এই শিল্পী পেয়েছেন উপমহাদেশজুড়ে অসংখ্য ভক্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়—রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো প্রস্তাব কি পেয়েছেন? জবাবে তিনি অকপটে বলেন, “হ্যাঁ, অনেকবার প্রস্তাব এসেছে।”
তবে রাজনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তিনি বলেন, “আমি মনে করি, একজন শিল্পীর রাজনীতিসচেতন হওয়া জরুরি। কিন্তু সরাসরি রাজনীতিতে জড়ানো উচিত নয়। আর যদি কেউ রাজনীতি করতেই চান, তাহলে তাকে সবকিছু ছেড়ে পূর্ণ সময় দিতে হবে রাজনীতিকে।”
অনেক জনপ্রিয় গানের শিল্পী হলেও সাম্প্রতিক সময়ে জেমসকে নতুন গানে তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে তিনি জানান, “নতুন গান নিয়ে কাজ করছি। হঠাৎ করেই একদিন গান চলে আসবে, এরপর একের পর এক আসতেই থাকবে।”
বর্তমানে দেশ ও বিদেশে বিভিন্ন আয়োজন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আগামী মে মাসে সৌদি আরবে দুটি কনসার্টে অংশ নেবেন। এরপর যুক্তরাষ্ট্র সফরেও যাবেন বলে জানিয়েছেন জেমস।






