শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করেছে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৫ মে) বিকাল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
তিনি জানান, “আমাদের শিক্ষার্থীদের দাবি ন্যায্য এবং যৌক্তিক। তাই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে এই আন্দোলনে সংহতি জানিয়েছে। আজ থেকে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত আবাসিক হলসহ তিন দফা দাবি বাস্তবায়ন হয়, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।”
অধ্যাপক রইছ উদদীন আরও বলেন, “গতকাল বিনা উসকানিতে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও দুঃখপ্রকাশ বা উদ্যোগ দেখা যায়নি। শিক্ষার্থীরা টানা দুই দিন ধরে রাস্তায় রয়েছে, না খেয়ে অবস্থান করছে। এর পরও সরকার নির্বিকার। দাবি পূরণে আর কোনও ধরনের সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না।”
এর আগে দুপুর ১২টায় যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এসময় তিনি বলেন, “এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। আমার চোখের সামনে কোনও শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না।”






