পাকিস্তান ও আজাদ কাশ্মিরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৩১ জন নিহত হওয়ার ঘটনায় যুদ্ধাবস্থা তৈরি হয়েছে উপমহাদেশে। পাল্টা জবাব দিতে ইতোমধ্যে দেশটির সামরিক বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।
এমন সময়ে শান্তির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা এই সংঘাত বন্ধ করুক এবং নিজেদের মধ্যে বিষয়গুলো সমাধান করুক।”
বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ট্রাম্প আরও বলেন, “যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই পাশে থাকব।”
উল্লেখ্য, ভারত মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে নিহত হয়েছেন অন্তত ৩১ জন। এ ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছেন।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের এই আগ্রাসনের জবাব দিতেই ১২৫টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ভারতীয় সীমান্তে ব্যাপক সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
এর আগে ট্রাম্প এই হামলাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দেন এবং দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই সংঘাত দ্রুত শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, তা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।






