টলিউডের সাহসী ও স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে খ্যাত স্বস্তিকা মুখোপাধ্যায় বহুদিন ধরেই রূপালি পর্দায় নিজের অবস্থান পাকা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি প্রায়ই ছিলেন আলোচনায়। ক্যারিয়ারে যেমন একাধিক সফল সিনেমা রয়েছে, তেমনি তার ব্যক্তিগত জীবনেও ছিল নানা উত্থান-পতন।
খুব অল্প বয়সেই বিয়ে করেন স্বস্তিকা। তার কিছুদিন পরই এক কন্যাসন্তানের মা হন। তবে সংসার টেকেনি। মেয়েকে নিয়ে একাই জীবন শুরু করেন তিনি এবং সেই কঠিন সময়ে একা হাতে মেয়েকে বড় করেছেন।
পেশাগত জীবনের মতো প্রেমের জীবনও তার রঙিন ও ঘটনাবহুল। ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখের সঙ্গেই জড়িয়েছে তার নাম। তাদের একজন ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এক সময় প্রেমে মগ্ন ছিলেন তারা, কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিচ্ছেদের কারণ তুলে ধরেছেন পরমব্রত নিজেই।
ভারতের একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা প্রায় দুই বছর একসঙ্গে ছিলাম। সেই সময়ের একটা বড় অংশ ছিল খুব সুন্দর, যা আমি সারাজীবন স্মরণে রাখব। তবে সেই সময়েই অনেক অশান্তিও ছিল। শেষমেশ আমি নিজেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
পরমব্রত আরও জানান, বিচ্ছেদের পর তিনি দেশ ছেড়ে বাইরে গিয়ে সিনেমা নিয়ে পড়াশোনা করেন। দেশে ফিরে এসে সম্পর্কের রেশ কিছুটা থাকলেও তা কাটিয়ে উঠতে পেরেছেন। তবে শুরুতে স্বস্তিকার সঙ্গে দেখা হলে কিছুটা অস্বস্তি হতো।
তিনি বলেন, ‘বিচ্ছেদের পর ওর সঙ্গে কথা বলতে গেলেই একটা দোটানা কাজ করত। সেই সময়ের আমি আর আজকের আমি অনেক আলাদা। স্বস্তিকাও বদলে গেছে। সে এখন অনেক পরিণত, যেভাবে সে এখন কথা বলে বা চিন্তা করে, সেটা আমাদের সম্পর্কের সময় কল্পনাও করিনি।’
বর্তমানে পরমব্রত জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। পিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন, এবং আগামী জুনে তারা প্রথমবারের মতো বাবা-মা হতে চলেছেন। অন্যদিকে স্বস্তিকা রয়েছেন একাই, তবে মেয়েকে ঘিরেই তার পুরো জগৎ।






