লন্ডনের পার্ক লেনের অভিজাত হোটেল ডোরচেস্টারে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় সকাল ৯টা (বাংলাদেশ সময় দুপুর ২টা) শুরু হওয়া এ বৈঠককে ঘিরে দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র কৌতূহল ও নজরদারি দেখা গেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বৈঠকটি কোনো আনুষ্ঠানিক কাঠামোতে নয়, তবে দুই নেতার মধ্যে নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এক ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠতে পারে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, হোটেলেই বসবে এই উচ্চ পর্যায়ের সংলাপ। সূত্রমতে, আলোচনায় থাকছে নির্বাচনের সময়সীমা, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ, বিএনপির দাবি ও রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইউনূস সম্প্রতি জাতীয় নির্বাচনের সময়সূচি আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্ধারণের কথা বলেন, যেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যেই ভোট চায়। এই বিপরীত অবস্থানের প্রেক্ষাপটে লন্ডনের এই বৈঠক একটি সম্ভাব্য সমঝোতার সূচনাবিন্দু কি না, তা নিয়ে চলছে বিশ্লেষণ।
এই বৈঠকের আগে ড. ইউনূসই তারেক রহমানকে আমন্ত্রণ জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ দুই শীর্ষ নেতার মুখোমুখি হওয়া শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং বাংলাদেশের আগামী দিনের রাজনৈতিক মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করতে পারে।






