ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের রাস ইসা বন্দরে মার্কিন বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চালানো এই হামলাকে দেশটিতে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হুথি বিদ্রোহীদের জ্বালানির সরবরাহ কেন্দ্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হুথিদের অর্থনৈতিক জোর কমিয়ে দিতে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর তাদের হামলা বন্ধ করতেই এই অভিযান চালানো হয়েছে।
এক টুইটে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, “এই আক্রমণ হুথিদের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার কৌশলের অংশ।”
এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায়ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩২ জন ফিলিস্তিনি। শুক্রবার ভোরে খান ইউনিসে এক পরিবারের ১৩ সদস্য একইসঙ্গে প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজার পরিস্থিতি আমাদের প্রজন্মের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি হয়ে উঠেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান হামলায় এখন পর্যন্ত মারা গেছেন ৫১ হাজার ৬৫ জন এবং আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৫০৫ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি, কারণ অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।
সূত্র: আল-জাজিরা






