দুই দিনের সরকারি সফর শেষে কাতার থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ৩ মে তিনি কাতার সফরে যান।
সোমবার (৫ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধানসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।
৩ মে সেনাপ্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা অলিম্পিক কমিটির পারস্পরিক স্বার্থ, ক্রীড়া প্রশিক্ষণ, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে ‘অলিম্পিক ভিলেজ’ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
৪ মে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুলরহমান বিন হাসান বিন আলি আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আব্দুলআজিজ বিন ফয়সাল বিন মুহাম্মদ আল থানির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। বৈঠকে সামরিক সহযোগিতা, প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং দক্ষ জনশক্তি বিনিময়ের নানা দিক নিয়ে আলোচনা হয়।
এছাড়া তিনি কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল জসিম বিন মুহাম্মদ বিন আহমদ আল মানাই’র সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দুই দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ সহায়তা, যৌথ মহড়া, প্রশিক্ষণার্থী বিনিময় এবং কাতারে অবসরপ্রাপ্ত বাংলাদেশি সেনা সদস্যদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্ব পায়।






