ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়—এজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৭ মে) গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ‘পুলিশ শুটিং প্রতিযোগিতা ও আইজি কাপ-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনার কথা জানান।
আইজিপি বলেন, “সীমান্ত দিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত জেলার পুলিশ কর্মকর্তাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে।”
এদিকে একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারত-পাকিস্তান সংকটের বিষয়ে বাংলাদেশ সরকার গভীর নজরদারি করছে। শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিকভাবে উভয় দেশকে উত্তেজনা কমাতে আহ্বান জানানো হয়েছে। ঢাকা আশাবাদী, আঞ্চলিক শান্তি বজায় থাকবে এবং জনগণের মঙ্গলই অগ্রাধিকার পাবে।






