সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের ৩ ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নরসিংদী র্যাব-১১। গতকাল সোমবার (১২ মে) রাতে কক্সবাজার থেকে তােদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেফতারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অপসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে। নরসিংদীর র্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, “সাবেক সেনাকর্মকর্তাকে মারধোর ও হামলার ঘটনায় ৩ জনকে গতকাল রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ছাত্রদলের তিন নেতা গ্রেফতারের প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।






