চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে শামীম রেজা সাজু (৩১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা তাকে খুঁজতে যান। কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে উঁকি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শামীমকে দেখতে পান। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ছয় মাস আগে দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন এবং নতুন ভবনের দ্বিতীয় তলায় একা থাকতেন।
দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতেই গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মরদেহের সুরতহাল শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।






