চার দিনের সরকারি সফরে দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কাতার সরকারের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশ নিতে সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।
স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ড. ইউনূস। সেখানে তাকে দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা। কাতার সরকারের প্রটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে ড. ইউনূস এই সফর করছেন। সামিটে অংশগ্রহণ ছাড়াও আমিরের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটে পরিবেশ, সংস্কৃতি ও উদ্ভাবনের সমন্বয়ে টেকসই উন্নয়নের নতুন দিক খুঁজে বের করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ২২ ও ২৩ এপ্রিলব্যাপী আয়োজনে থাকছে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল, কর্মশালা ও গোলটেবিল বৈঠক।
ড. ইউনূসের সফর কাতারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করার বার্তাও বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।






