লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইউরোপ সফর শেষে জামায়াতের দুই শীর্ষ নেতা লন্ডনে গিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করেন। তারেক রহমানের বাসভবনে এই সাক্ষাৎ হয়, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। বর্তমানে বেগম জিয়া পুত্রের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
মারুফ কামাল আরও লেখেন, এই সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। এটি নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি রাজনীতিতে নতুন কোনো গতিপথ সৃষ্টি করবে—তা সময়ই বলে দেবে।
তিনি আরও জানান, বেগম জিয়া লন্ডনে যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও তার বাসায় সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তবে সেখানেও আলোচনার বিষয়বস্তু প্রকাশ পায়নি।
এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।






