মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ভারত থেকে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৪ মে) ভোরে উপজেলার ভবেরপাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের দাবি, তারা সাতক্ষীরা, যশোর, মাদারীপুর ও নড়াইল জেলার বাসিন্দা। বৈধ কাগজপত্র ছাড়া কাজের খোঁজে ভারতে গিয়ে সেখানে আটক হন এবং কারাভোগ করেন। পরবর্তীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ট্রাকে করে সীমান্তে এনে বাংলাদেশের সীমানার ভেতরে ঠেলে দেয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের নদীয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে এই ১০ জনকে মুজিবনগরের ভবেরপাড়ায় পাঠিয়ে দেওয়া হয়। সীমান্ত অতিক্রম করার পর বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নেয় এবং দুপুরে মুজিবনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটকদের একজন দেবদাস বিশ্বাস জানান, তিনি ২০২৪ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলেন। দেশে ফেরার পথে বিএসএফ তাকে আটক করে জেলে পাঠায়। পরে ট্রাকে করে হৃদয়পুর সীমান্তে এনে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়।
আরেকজন, তরিকুল ইসলাম জানান, তিনি ২০২০ সালে দালালদের সহায়তায় ভারতের উত্তর প্রদেশে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানকার একটি ভবনে ক্লিনার হিসেবে কাজ করেন। কিন্তু সম্প্রতি অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযানে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি আটক ১০ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যুতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।






