সাভারে ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণহীন প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। অন্যদিকে একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে হেলপার (চালকের সহযোগী) নিহত হন। এঘটনায় নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা দিয়ে হেলপার মারা যায়। এছাড়া গভীর রাতে একই মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নারীসহ দুইজন মারা যান।
প্রাইভেটকারের ধাক্কায় নিহতরা হলেন-নেত্রকোনা জেলার ধিরেনের ছেলে হৃদয় চন্দ্র দাশ (২০) ও একই এলাকার অর্চণা রানী (৩০)। অপরজন হলেন নাবিল পরিবহনের হেলপার আনোয়ারুল ইসলাম (২৬)। এঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, রোববার রাতে নওগাঁ থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে নাবিল পরিবহনের একটি বাস। বাসটি সাভারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপরে ওঠে। এসময় হেলপার আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাসটি জব্দ করা হয়। এছাড়া গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে হৃদয় ও অর্চণা সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকার তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তারা মারা যায়। এঘটনায় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার টি জব্দ করেছে পুলিশ।
সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত পরিবহন দুটি জব্দ করে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।






