মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা-এফটিসি। সোমবার (২১ এপ্রিল) দায়ের করা এ মামলায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের অনুমতি ছাড়াই অর্থ কেটে নেওয়া, রাইড বাতিলের প্রক্রিয়ায় বিভ্রান্তি তৈরি এবং সদস্যপদ বাতিলের পথ জটিল করে তোলার অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।
এফটিসি জানিয়েছে, ‘উবার ওয়ান’ নামে একটি সেবা গ্রহণে গ্রাহকদের সম্মতি ছাড়াই চার্জ আরোপ করা হয়। সদস্যপদ বাতিল করাও ইচ্ছাকৃতভাবে কঠিন করে তোলা হয়েছে, যেখানে কখনও কখনও ২৩ থেকে ৩২টি ধাপ পার হতে হয়।
এফটিসির চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন বলেন, ‘আমরা আমেরিকার জনগণের অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।’
উবার অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে, গ্রাহকেরা অ্যাপ থেকেই সহজে সদস্যপদ বাতিল করতে পারেন এবং বেশিরভাগ ব্যবহারকারী ২০ সেকেন্ডের মধ্যেই এটি করতে সক্ষম হন। উবারের মুখপাত্র রায়ান থরন্টন জানান, অভিযোগের প্রতিটি পয়েন্টের জবাব কোম্পানি দিয়েছে এবং মামলা হওয়ায় হতাশ তারা।
উল্লেখ্য, ‘উবার ওয়ান’ সাবস্ক্রিপশন সেবা চালু হয় ২০২১ সালে। এই সেবার আওতায় গ্রাহকরা নির্ধারিত মাসিক বা বার্ষিক ফিতে নির্দিষ্ট রাইড ও অর্ডারে ছাড় পেয়ে থাকেন এবং ফ্রি ডেলিভারি সুবিধা পান। সেবা বাতিল না করলে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এফটিসির এটি প্রথম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা। তার আগের মেয়াদে ফেসবুকের মূল কোম্পানি মেটার বিরুদ্ধেও মামলা করেছিল সংস্থাটি।






