নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাবারের পানি বরাদ্দ রাখার দাবিতে ঢাকা ওয়াসার গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও করেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর তারাবো পৌরসভার গন্ধর্বপুর গ্রামের শত শত মানুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন। এসময় এলাকাবাসী বলেন, ওই এলাকায় স্থানীয়দের জমি কমদামে অধিগ্রহন করে ২০১৯ সাল থেকে ঢাকা ওয়াসা পানি শোধনাগার স্থাপনের কাজ শুরু করেছে। প্রকল্পটি আগামী ডিসেম্বরে চালু হবার কথা রয়েছে।
এদিকে, রূপগঞ্জের ওই অঞ্চলে ব্যাপক শিল্পায়নের কারনে কমে গেছে ভূগর্ভস্থ পানির উৎস। এ কারণে ন্যায্যতার ভিত্তিতে প্রকল্প থেকে গ্রামবাসীর জন্য পানি বরাদ্দের দাবি করে আসছেন। এই প্রকল্পের অধিনে দিনে ৬০ কোটি লিটার মেঘনা নদীর পানি শোধন করা হবে রাজধানীবাসীর জন্য। সেখানে মাত্র ১ শতাংশ পানি বরাদ্দ রাখা হলে দুর হবে গ্রামবাসীর পানির সংকট। এ অবস্থায় বারবার ওয়াসার কাছে আবেদন করেও কাঙ্খিত সাড়া না পেয়ে বিক্ষোভ করেন তারা। এসময় বিক্ষোভকারীরা ওয়াসার বিরুদ্ধে মসজিদ, কবরস্থানের জমি দখলসহ খাল ভরাটের অভিযোগও তুলে ধরেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে ঘেরাও কর্মসূচি স্থগিত করেন তারা।






