ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী মে মাসের শুরুর দিকেই নির্বাচন কমিশন গঠন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ঢাবি প্রশাসন মনে করে ডাকসু হলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। শিক্ষার্থীদের মধ্যেও নির্বাচনের বিষয়ে আগ্রহ রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান প্রশাসন আন্তরিকতার সঙ্গে ডাকসু নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ডাকসু নির্বাচন নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু হয়। ইতোমধ্যে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ে ছয়টি সভা অনুষ্ঠিত হয়। এখন এটি সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
একইভাবে, আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) পর্যালোচনা কমিটি জানুয়ারি মাসে গঠন করা হয়। তারা সাতটি সভা করে আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে, যা শিগগিরই সিন্ডিকেটে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
ডাকসু নির্বাচনের জন্য গঠিত পরামর্শ কমিটি এখনও তাদের চূড়ান্ত প্রতিবেদন না দিলেও, তারা ইতোমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময় শেষ করেছে। এ সংক্রান্ত কাগজপত্র ছাত্র সংগঠনগুলোকেও সরবরাহ করা হয়েছে। চলতি এপ্রিল মাসেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া ডিন, প্রভোস্ট ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গেও ধারাবাহিকভাবে আলোচনা চলছে, যা এপ্রিলের মাঝামাঝি সময়ে চূড়ান্ত হবে।
নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথম সপ্তাহে। একই সময় চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন।
তবে ভোটগ্রহণ ও সংশ্লিষ্ট কার্যক্রমের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।






